তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও খালেদা জিয়া আগুনে পোড়া কর্মসূচি বন্ধ করেননি। সিটি নির্বাচনে অংশগ্রহণ করুন আর না করুন, আগুনসন্ত্রাসী খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রোববার বিকালে ‘গণপদযাত্রা কর্মসূচি’ পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
‘অবরোধ-হরতালে মানুষ পুড়িয়ে মারার অভিযোগে খালেদা জিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে রাজপথে অবস্থান’ শীর্ষক গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
ইনু বলেন, ‘আগুনসন্ত্রাস ও হত্যার জন্য খালেদা জিয়া দায়ী। আমরা বিপদমুক্ত নই। আমাদের এখনো বিশ্রাম নেওয়ার সময় হয়নি। আগুনসন্ত্রাস ও খালেদা জিয়াকে আলাদা করে দেখার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আমরা আগুনসন্ত্রাসীদের এবং তার নেত্রী খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব, যাতে বাংলার মাটিতে আর কেউ আগুনসন্ত্রাস না করতে পারে। যুদ্ধাপরাধীদের বিচারের মতো আগুনসন্ত্রাসীদেরও বিচার হবে।’
সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন— জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, মুক্তিযোদ্ধা কাউন্সিলের কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মে. জে. (অব.) হেলাল মোর্শেদ খান, মহাসচিব এমদাদ হোসেন মতিন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব ওসমান আলী প্রমুখ।
এমকে





