বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর দেশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিলো, ওই শূন্যতাপূরণের জন্যই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আজ দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ গণতন্ত্রবিহীন অবস্থা চলছে। স্বৈরাচারি শাসক একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে বিরোধীদল বিশেষ করে বিএনপিকে নির্মূল করতে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। এ দলকে কখনওই পরাজিত করা সম্ভব হবে না। বিএনপি শত বাধা পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবারও ঘুরে দাঁড়াবে। খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবেই।

এমএনজে