বাংলাদেশের জনগণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন তাদের ভোটাধিকার সহজে প্রয়োগ করতে পারেন এ জন্যই ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অথচ প্রথম থেকেই বিএনপি ইভিএম বিরোধী বক্তব্য দিয়ে আসছে। এ থেকে বোঝা গেল বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় না।

আজ (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আইনমন্ত্রীকে পেয়ে সাংবাদিকরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ও ইভিএম ভোটিং বিষয়ে প্রশ্ন করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের অভ্যাস এ ধরনের কথা বলা। কারণ ওনারা (বিএনপি) চান না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক।

তিনি বলেন, বিএনপি যে ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিল সেটা থেকে বেরিয়ে আসতেই কিন্তু এই অত্যাধুনিক ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন আনা হয়েছে। এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি গ্রহণ করেছে। এটা জনগনের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করার সুযোগ। অথচ এই প্রযুক্তির বিরোধিতা করছে বিএনপি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া শেষে আইনমন্ত্রী কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফ, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুর কাউছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী র্কমর্কতা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।

এমবি