নেতাকর্মীদের প্রটোকল ছাড়াই আজ বৃহস্পতিবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ।

এর আগে যখনই কালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গিয়েছেন ততোবারই অসংখ্য নেতাকর্মী আদালতের চারপাশে উপস্থিত থেকেছেন। এজন্য একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিন্তু আজ নেতাকর্মীবিহীন অবস্থায় আদালতে হাজির হন খালেদা জিয়া।

বিএনপি'র আইনজীবিরা জানান, ঈদের কারণে নেতাকর্মীরা গ্রামে থাকা, ছাত্রদল সভাপতি গ্রেফতার, নেতাকর্মীদের বাসায় পুলিশি অভিযানের কারণে আজ নেতাকর্মীদের উপস্থিতি কম। তবে খালেদা জিয়ার সঙ্গে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, যুব নেতা কামরুজ্জামান রতন। তবে আদালতের বাইরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী বিচ্ছিন্নভাবে অবস্থান করেন।

এদিকে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত না থাকলেও পুলিশের অবস্থান রয়েছে আগের মতোই।

এর আগে সকাল সোয়া দশটায় আদালতে পৌছেন খালেদা জিয়া। গুলশানের বাসভবন ফিরোজা থেকে সকাল ৯টায় বের হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের সময় ধার্য্য রয়েছে।

উল্লেখ্য, মামলার দুটির বিচার কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

গত ১৮ জুন বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আসামিপক্ষের আংশিক জেরা সম্পন্ন হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এরপর আসামিপক্ষের আবেদনক্রমে মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিন ধার্য করা হয়।


এমএইচ/ইআর