পঁচাত্তরের পনের আগস্ট ব্যক্তি মুজিবকে নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যার অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মন্তব্য করেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করে।
তিনি বলেন, এ হত্যাকান্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পাকিস্তানের কলোনী হিসেবে ব্যবহার করা। যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, তারাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় পনের আগস্টের নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছিল বলে তিনি উলেখ করেন।
আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে হত্যা করে বাংলাদেশে পাকিস্তানী বিজাতীয় ভাবধারা চালুর উদ্দেশ্যেই একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।
বঙ্গবন্ধু হত্যাকান্ড কোনো ব্যক্তির হত্যাকান্ড নয়, এটি ছিল দেশকে নব্য পাকিস্তান বানানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
১৫ আগস্ট হত্যাকান্ডের পরবর্তীতে জাতীয় চার নেতা হত্যা, সংবিধান থেকে জাতীয় চার মূলনীতি ছেঁটে ফেলা, গোলাম আজমকে রাজনীতির সুযোগদান, বেতারের নাম বদলিয়ে রেডিও বাংলাদেশ করাসহ ষড়যন্ত্রকারীদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারাবাহিক কর্মকান্ড এর প্রমাণ করে।
আমির হোসেন আমু বলেন, পাকিস্তান সৃষ্টির প্রথম দিন থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছিল। এ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন।
তিনি আরো বলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের স্থল সীমানা চূড়ান্ত করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে লড়াই করে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ করেছেন। জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চলমান লড়াইয়েও তিনি বিজয়ী হবেন।
শিল্পমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশের মানুষ ধার্মিক হলেও ধর্মান্ধ নয়। তিনি শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতা বিরোধী ও উগ্র সা¤প্রদায়িক অপশক্তির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐকবদ্ধ থাকার আহবান জানান।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মোঃ আবু আবদুলাহ্, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আবদুল নাছের চৌধুরী বক্তব্য রাখেন।
এসএম





