জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বর্তমানে অগ্নি পরীক্ষার মধ্যে রয়েছেন- এমন মন্তব্য করে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি এমনই উভয় সংকটে আছেন- যেখানে জলে কুমির ডাঙ্গায় বাঘ।

শুক্রবার দুপুরে সিংগাইরের কিটিংচর সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় জাতীয় পার্টির চলমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই দলটির নিজস্ব ও অভ্যন্তরীন ব্যাপার। তাদের ভাঙ্গা গড়ার খেলায় আওয়ামী লীগের কোন অংশগ্রহণ নেই।

এ সময় মন্ত্রী আরো বলেন, এবারের কোরবানীর ঈদে মহাসড়কে যেন গরুর হাট না বসে, সেদিকে প্রশাসনের কড়া নজরদারি থাকবে। তাছাড়া নির্মাণার্ধীন সেতু ও ত্র“টিপূর্ণ সড়কের কাজও যথাসময়ে শেষ না করলে ঠিকাদারদের কার্যাদেশ বাতিল করে তাদের কালো তালিকাভূক্ত করা হবে। গতবারের মত এবারের ঈদেও ঘরমুখো যাত্রীদের বাড়ি ফিরতে কোন ঝামেলা পোহাতে হবেনা বলেও এ সময় আশা প্রকাশ করেন, মন্ত্রী।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ