জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ফিটফাট হয়ে গণতন্ত্রের ওড়না পরে হালাল হওয়ার চেষ্টা করছেন। আমরা ওনাকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের গণতন্ত্রে হালাল করা যাবে না।

শনিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া জেলা সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। হয় গণতন্ত্র থাকবে, না হলে বাংলাদেশকে আগুন সন্ত্রাসী জঙ্গিবাদীদের কাছে তালেবানদের মতো ইজারা দিতে হবে। আমরা গণতন্ত্র রক্ষায় আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের বাংলাদেশে রাখব না।

তথ্যমন্ত্রী বলেন, এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আর রাজনৈতিক শান্তি কিনতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আনসার, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে নিরাপদ করতে হলে এই আনসার বাহিনীদের দেশের জন্য ঐ্যক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আনসার সদস্যদের বাদ দিয়ে আমরা এক মুহূর্তও ভাবতে পারি না। যদি আনসার সদস্যরা না থাকতো তাহলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হতো সরকার।

আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের আরো যত্নবান ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে ইনু বলেন, দেশের দুই হাজার আটশ কিলোমিটার রেলপথ আনসার বাহিনী পাহারা দিয়ে যেমনভাবে নিরাপত্তা দিয়েছে তেমনিভাবে সারাদেশের মানুষকে নিরাপত্তা দিতে আনসার বাহিনীকে আরো বেগবান হতে হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পিএসসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাহিদ হোসেন জাফর, পুলিশ সুপার প্রলয় চিসিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া জেলার কমান্ডার ফেরদৌস আহম্মেদ, খুলনা রেঞ্জের পরিচালক আলহাজ আকবর আলী প্রমুখ।

এর আগে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক হয়রানি বলছেন। কিন্তু আমরা কখনও কাউকে হয়রানি করি না। খালেদা জিয়া মধ্যযুগীয় মহারানী নয়, যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। গণতন্ত্রে আইনের ঊর্ধ্বে কেউ নয়।

জামায়াত নিষিদ্ধের ব্যাপারে ইনু বলেন, আমরা তো পশু নই যে একজনকে ধরে ফাঁসি দিয়ে দিব। সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধী, জঙ্গিবাদীতার জন্য জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আমরা আইনগতভাবে দেখছি। গণতন্ত্র পরিষ্কার রাখতে জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করাই উচিত।

এমকে