বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন এবং তার সঙ্গে দলটির নেতাদের দেখা করার 'বিএনপি ফাঁদে পড়েছে' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বিএনপি আসলে ভারতমুখী নয়। তারা ফাঁদে পড়েছে। তারা এখন নিজেকে রক্ষা করার জন্য আরও অনেকের পা ছুঁয়ে প্রণামও করবে। কিন্তু এতে কোন লাভ হবে না।

রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিএনপি ভারত মুখী কেন?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও নাট্যভিনেতা এটি এম শামসুজ্জামান।

ড. হাছান মাহমুদ বলেন, যারা রাজনীতির নামে আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা মানুষের কাছে আতঙ্ক। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তারা রাজনীতিতে বেকায়দায় থাকলেও ষড়যন্ত্রে সব সময় সোচ্চার থাকে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমি ৫ জুন নয়াদিল্লিতে ছিলাম। ঐখানে একজন আমাকে জিজ্ঞেস করলো, ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিএনপি-জামায়াত অভিনন্দন জানিয়েছে, আপনি কি মনে করেন? এটা রিয়্যাল না ট্যাকটিক্যাল? আমি বললাম আপনার প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে।

তিনি বলেন, নরেন্দ্র মোদীর সফর নিয়ে বিএনপির ভাব এমন যে, একটু আমাদের দেখা দিন। তারা বলছে, আওয়ামী লীগের উচিত আমাদের সঙ্গে আলোচনা করা। অথাৎ আমাদের সঙ্গে একটু কথা কন। আমরা এত দিন যে আন্দোলন করছি, এটা ভুল করছি।

হাছান মাহমুদ আরো বলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বিএনপি নেতার দেখা করার পর দলের পক্ষ থেকে বলা হয়েছে, 'বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত'। এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন তার উত্তর না দিয়ে তিনি বলেন, 'ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলন করবেন তার কাছ থেকে জেনে নিয়েন।'

ড. হাছান বলেন, ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়াকে তাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস পছন্দ করি না। অথাৎ আপনারা যে জঙ্গিদের সঙ্গে জোট করে নিজেরাও জঙ্গি হয়ে গেছেন। তিনি বলেন, বিএনপি যতই দেখা করুক এই পথ না ছাড়লে কোন গতি নেই।

তিনি বলেন, বিজেপি যখন ক্ষমতায় আসলো তখন বিএনপির মধ্যে উৎসবের আমেজ। বিএনপি তখন মনে করেছিলো ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে।

বিএনপির রাজনীতি এখন পথহারা পথিকের মতো- এ মন্তব্য করে তিনি আরো বলেন, তারা কোন দিকে যাবে এখন বুঝতে পারছে না। কোন দিক থেকে শুরু করবে সেটাও বুঝতে পারছে না। বিএনপি নেতারা এখন প্রকাশ্যেই বলা শুরু করেছেন, এই বিএনপি এবং খালেদাকে দিয়ে হবে না। কারণ, বেগম খালেদা জিয়া বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন।

এআর