সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
একই সঙ্গে রাজাকারদের উত্তরসূরীদের সঙ্গে কোনো আপস নয় মন্তব্য করে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে আমাদের কোনো আপস নেই। যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কেবল তারাই আওয়ামী লীগ করতে পারবে।
এ সময় আরও শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
জি এম কাদের বলেন, ‘আমাদের প্রত্যাশা, দেশ শান্তির দিকে এগিয়ে যাবে। বেকারত্বমুক্ত দেশ হবে। দুর্নীতিমুক্ত দেশ হবে। এ দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’
রাজাকারদের তালিকার বিষয়ে জি এম কাদের বলেন, ‘আমি এখনো তালিকাটি পরীক্ষা করার সুযোগ পাইনি। তবে আমাদের প্রত্যাশা, সঠিক তালিকাটি প্রকাশিত হোক। দেশের স্বাধীনতার ক্ষেত্রে কার কী ভূমিকা, তা স্পষ্ট হয়ে উঠবে।’
এএস





