'ভারতের সঙ্গে এই মুহূর্তে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের কোনো প্রয়োজন নেই। এটা হলে তা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত'এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত 'আধিপত্যবাদী আগ্রাসন: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা' শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, আজ বাংলাদেশের ন্যায্য পাওনা বিষয়গুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। তিস্তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। অথচ যেখানে আমাদের প্রয়োজন নেই সেই চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী উঠেপড়ে লেগেছেন।

তিনি বলেন, সম্ভাব্য চুক্তিগুলো নিয়ে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে বা পার্লামেন্টেও আলোচনা হয়নি। এমনকি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। অথচ জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি হতে যাচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, সরকারের নানা নির্যাতনে দেশের মানুষ ভয়ে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললেও ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তারা নড়েচড়ে বসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে দেশের মানুষ তা প্রত্যাখ্যান করবে।

হঠাৎ প্রতিরক্ষা চুক্তির প্রয়োজনীয়তা দেখা দিল কেন- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তির ওপর নির্ভর করছে দেশের মানুষ তাকে সংবর্ধনা জানাবে নাকি প্রত্যাখ্যান করবে। জনগণ ভারতের আগ্রাসন থেকে মুক্তি চায়।

লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এবং মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্তা প্রমুখ।

এমবি