দেশপ্রেমিক কৃষকরা এখন সবচেয়ে বেশি অবহেলিত এবং বঞ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সেভেন্টি ওয়ান মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
জিএম কাদের বলেন, মৌসুমে কৃষি শ্রমিকদের মজুরির চেয়ে ধানের দাম কমে যায়। তখন কৃষকরা ধান কাটতে বিপাকে পড়েন। সরকার কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিলেও প্রকৃত কৃষকরা তা পায় না। কৃষকরা সরকারি ভর্তুকি পেতে চাইলে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হন। অধিকার আদায়ের প্রশ্নে কৃষকদের ঐক্যের বিকল্প নেই।
জাপর চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু এইচ এম এরশাদ দেশে কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। কৃষি ঋণ মওকুফ, পল্লী রেশনিং, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা, পল্লী বিদ্যুতায়ন এবং পল্লী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে কৃষকদের ভাগ্য পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়া কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করে অসাধারণ কৃতিত্ব গড়েছে তিনি।
জিএম কাদের বলেন, কৃষকদের চিকিৎসাসেবা নিশ্চিতে প্রত্যেক উপজেলায় হাসপাতাল নির্মাণ করেন। তিনি বলেন, পল্লীবন্ধুর কীর্তিই আমাদের রাজনীতির অনুপ্রেরণা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা-জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, জাতীয় কৃষক পার্টির উপদেষ্টা মো. কামাল আহম্মেদ তালুকদার, কৃষক পার্টির সহ-সভাপতি মো. এনামুল হক বেলাল, কৃষক পার্টির দফতর সম্পাদক অ্যাড. ইমদাদুল হক প্রমুখ।
এমবি





