'নিখোঁজ' বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দ্রুত তার পরিবারের কাছে ফেরত কিংবা আদালতে হাজির করার দাবি জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যথায় ভবিষ্যতে এর জন্য সরকারকে কঠিন পরিণতির সন্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। 

রোববার বিকালে প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি করে দেন।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব ও প্রাক্তন প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর ১২ দিন অতিবাহিত হয়েছে। এখনো তাকে মুক্তি দেওয়া, আদালতে হাজির করা, এমনকি গ্রেফতারের কথা স্বীকার পর্যন্ত করা হচ্ছে না। এতে তার পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও দেশবাসীর মতো আমার উৎকণ্ঠাও সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।’

খালেদা জিয়া বলেন, সালাহ উদ্দিন আহমেদের মত একজন রাজনীতিবিদ এভাবে উধাও হয়ে যাবে আর ক্ষমতাসীনরা সেটা নিয়ে উৎকট রসিকতা করে পার পেয়ে যাবে এমন মনে করার কোনো কারণ নেই। আমি রাজনৈতিক নেতা-কর্মী, মানবাধিকার সংগঠন, বিভিন্ন সমাজশক্তি ও সচেতন নাগরিকদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। কেননা দেশে এখন কেউ-ই নিরাপদ নয় যে কেউ যে কোন সময় গুম কিংবা খুন হয়ে যেতে পারেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গ্রেফতার করার পর নিখোঁজ ও গুম করে ফেলা আওয়ামী সরকারের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রেফতারের কথা অস্বীকারের পর বিভিন্ন জায়গায় (২০ দলীয় জোটের) নেতাকর্মীদের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনাও প্রায়শই ঘটছে। অনেকের পরিবার লাশটি পর্যন্ত ফেরত পায়নি।’

বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলী, লাকসামের সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, ঢাকার নির্বাচিত কমিশনার চৌধুরী আলম এবং লাকসাম পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবীর পারভেজের মতো অনেককে গ্রেফতারের পর তাদেরকে গুম করা হয়েছে। দীর্ঘদিনেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি।’

জেআই