নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতার নামে সরকারি দলের প্রার্থীদের ওপর খড়্গ চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দিপু মনি ও জাহাঙ্গীর কবির নানক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন। আধা ঘণ্টা পর কমিশন থেকে বের হয়ে এসে মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষতার নামে সরকারি দলের প্রার্থীদের ওপর খড়্গ চালাচ্ছে। ফুলগাজীতে আমাদের উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। ২০০৫ সালে নিয়োগ পাওয়া একজন উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে নিজেরা তদন্ত না করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ওই কর্মকর্তার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের কাছে রিপোর্ট আছে তিনিবিএনপি করেন। এ ক্ষেত্রে কমিশনের উচিত ছিল, নিজেরা তদন্ত করে তারপর সিদ্ধান্ত নেওয়া।

আমরা জানি, সেখানে বিএনপির দুই পক্ষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের জের হিসেবে তাঁরা কেউ মনোনয়নপত্র জমা দিতে পারেননি।সরকারি দলের সাংসদদের আচরণবিধি প্রসঙ্গে হানিফ বলেন, ‘আমরা চাই নির্বাচন কমিশন আইনের সর্বোচ্চ প্রয়োগ করুক।

আইন লঙ্ঘনকারী সাংসদ, তিনি সরকারি বা বিরোধী দলের হোক না কেন, তাঁকে ছাড় দেওয়া উচিত হবে না। পৌরসভা নির্বাচনে আমরা দলীয়ভাবে সাংসদদের সতর্ক করেছি। আবারও সতর্ক করা হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

এআইজে