আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘বিএনপির ভিশন হচ্ছে- হাওয়া ভবন সৃষ্টি করে উন্নয়নের নামে লুটপাট ও মানুষকে হত্যা করা। তাদের প্রাইম ভিশন ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করা।’
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভিশন ২০৩০ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, তারা অনেক স্বপ্ন দেখে। ২০০১ সালেও তাদের ভিশন ছিল। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আইভি রহমানসহ ২২ জনের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। তারা তাদের ক্ষমতার পাঁচ বছরে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। এর মধ্যে তাদের ভিশন ছিল অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা, তাদের ভিশন ছিল শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা।
বিএনপির বহুদলীয় গণতন্ত্র ‘আজগুবি ও উদ্ভট’ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র হচ্ছে- দিনের বেলায় খাল কাটা, আর রাতের বেলায় কারফিউ। এটাকে মানুষ বলতো কারফিউ গণতন্ত্র।’
এসময় সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাব উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফ উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান ও ঢাকা-চট্টগ্রাম ফোরলেন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমই





