বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এজেন্ডা একটাই একাত্তরের ঘাতকদের রক্ষা করা। এ ছাড়া তার (খালেদা জিয়া) অন্যকোন ধরণের এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকেলে ১৪ দলের সঙ্গে দেশের সকল শ্রেণী-পেশার পেশাজীবীদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, মধ্যবর্তী নির্বাচন ও তত্ত্বাবধাক সরকার খালেদা জিয়ার কোন এজেন্ডা নয়। তার এজেন্ডা একটাই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে হবে।

নাসিম বলেন, একাত্তরে আমরা পাকিস্তানী দানবের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছি। সেই পাকিস্তানী দানব এখন বাংলাদেশে জন্ম নিয়েছে। দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে একাত্তরের মত রুখে দাঁড়াবো।

তিনি বলেন, দানবের বিরুদ্ধে জনগণের শক্তি সব সময় ঐক্যবদ্ধ ছিল। এখনও আছে। দানবীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানবতা ও মুক্তিযুদ্ধে শক্তি আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমছে।

দানবের চেয়ে মানবতার শক্তি কম নয়। জনগণকে সঙ্গে নিয়ে ২০১৩ সালের ন্যায় খালেদা জিয়াকে সেটা বুঝিয়ে দেয়া হবে। এই দানবের বিরুদ্ধে বিজয় আমাদের সুনিশ্চিত।

দেশের বর্তমান পরিস্থিতিতে প্রসাশন ও দলীয়ভাবে মোকাবেলা ছাড়া সংলাপ বা অন্য কোন পন্থা অবলম্বন করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘সংলাপ হবে না।প্রশ্নই আসেনা। কিসের সংলাপ, কার সঙ্গে সংলাপ? যারা আমার শিশু-কৃষক হত্যা করেছে। এই দানবের সঙ্গে সংলাপ হতে পারে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন, নূহ-উল-আলম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।

এমআর/এসএইচ