ঢাকার আসনগুলোতে‘ধানের শীষ’র প্রার্থীদের পক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা প্রচারে নামছেন আগামীকাল (২৬ ডিসেম্বর) বুধবার। রাজধানীর ১৫টিসহ ঢাকার ১৮টি আসনের ২৮টি স্পটে পথসভা ও জনসংযোগ করার কথা রয়েছে নেতাদের।
শেষ মুহূর্তে ঢাকার প্রতিটি আসনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের। প্রচারে অংশ নেবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ শীর্ষ নেতারা।
রাজধানীতে আজ (মঙ্গলবার) থেকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের প্রচারে নামার কথা ছিল। কিন্তু বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার (২৪ ডিসেম্বর) রাতে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, সোমবার (২৪ ডিসেম্বর) রাতেই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দিয়ে প্রচার স্থগিত করার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের গ্রেফতার ও আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর এলাকার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের ২৫ ডিসেম্বরের (আজ) পথসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এমবি





