রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে দলীয় নেতাকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ।

শনিবার দুপুরের দিকে কার্যালয়ের সমানে গিয়ে দেখা যায় পুলিশ সদস্য কার্যালয়টি ঘিরে রেখেছে।

সূত্র জানিয়েছে, ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতার করার পর থেকে সেখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক নাজমুল হাসান জানান, দুপুরের দিকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তিনি কার্যালয়ে ঢুকতে না পেরে ফিরে যান।

তিনি জানান, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে। সকালে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। কিন্তু বোর্ডিং পার হওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

হাবিব একজন গ্রিন কার্ড হোল্ডার। এজন্য প্রতি বছরই তাকে একবার যুক্তরাষ্ট্রে যেতে হয়। তার পরিবারের সদস্যরাও থাকেন সেখানে। ছাত্রদলের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই