দেশের চলমান জঙ্গি হামলায় জামায়াত প্রত্যক্ষভাবে জড়িত দাবি করে নৌপরিবহণ মন্ত্রী শাহ জাহান খান বলেন, সম্প্রতি বাংলাদেশে যে জঙ্গি হামলা হচ্ছে এটি আইএস বা তালেবানী হামলা নয়, জামায়াত শিবির প্রত্যক্ষভাবে এই হামলাগুলো করছে, আর তাদের সহযোগীতা করছে বিএনপি।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত জঙ্গীবাদ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র উত্তোরণের উপায় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কোন বিদেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে চলবে না, তাই তাদের প্রেসক্রিপশনে কোন লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ইঙ্গিত এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরীকে মুকিযোদ্ধার কলঙ্ক উল্লেখ করে শাহজাহান খান বলেন, এরা ১৩ সালে সংলাপের কথা বলতে বলতে পাগল হয়ে গিয়েছিল এখন আবার তারা জাতীয় ঐক্যের কথা বলছে। আসলে এরা দু’জন মুক্তিযোদ্ধা নামে কলঙ্ক।

তিনি বলেন, যারা জঙ্গী হামলা করছে তারা কাফের, ইসলামের শত্রু। এদের হাত থেকে ইসলামকে একমাত্র আমরাই রক্ষা করতে পারি। তথাকথিত ওই সব মাওলানারা নয়।

কামরুল ইসলাম বলেন, দীর্ঘদিন প্রশাসন স্বাধীনতা বিরোধীদের দখলে ছিল। আমাদের ৭ বছরের ক্ষমতায় এদেরকে হটিয়ে দেয়া সম্ভব নয়। সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে, যারা এখনও ঘাঁপটি মেরে প্রশাসনের ভেতরে বসে আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।

ইতোমধ্যে জাতীয় ঐক্য হয়ে হয়ে গেছে দাবি করে কামরুল ইসলাম বলেন, জঙ্গী বিরোধী যুদ্ধে জাতি আজ ঐক্যবদ্ধ।

গোলটেবিলবৈঠকে আরো বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, শোলাকিয়া ঈদগাহ-এর ইমাম ফরিদ উদ্দিন আহমেদ মাসুদ,জাতীয় প্রেসক্লাবে সভাপতি শফিকল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির উপ সম্পাদক এম. এ. করিম প্রমুখ।