যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো নির্বাচনে তামাশা ও কারচুপি হবে বিএনপির এমন অভিযোগ পুরোনো। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
এ সময় চান্দনা চৌরাস্তা এলাকার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ এবং চেরাগআলীতে মহাসড়কের ফুটপাত দখলে থাকা অবৈধ দোকানপাট ও ড্রেনেজ ব্যবস্থাপনা পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী।
তামাশার নির্বাচনে বিএনপি কেন অংশগ্রহণ করছে এমন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার ফলে তাদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এটা কাটানোর জন্য তারা অনেক কৌশল অবলম্বন করছেন। তারপরও নির্বাচনে আসায় বিএনপিকে স্বাগত জানায়।
পরিদর্শনের সময় ১ বাস চালকের অবৈধ লাইসেন্স, গাড়ি জব্দ এবং এখানে চলমান কয়েকটি ইজিবাইক সরিয়ে দেন তিনি।
মন্ত্রীর সঙ্গে মহাসড়ক ৪ লেনের উন্নীত কাজে নিয়োজিত ১৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, সওজের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]