ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বুধবার বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এরশাদ বলেন, কুলাঙ্গার লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করুন। দল থেকে বহিষ্কার করে দলকে কলঙ্কমুঙ্ক করুন। তিনি বক্তব্য দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংসদে বক্তব্য দেয়ার অধিকার হারিয়েছেন। তাকে সংসদ থেকেও বহিষ্কা্র করুন।’

তিনি বলেন, একটি মানুষের কারণে পুরোবিশ্বে বাংলাদেশের সুনাম ভূলুণ্ঠিত হয়েছে। তাকে ফাঁসি দিন। তিনি মুসলমান নন, মুরতাদ।

কোনো দলের নাম উল্লেখ না করে এরশাদ আরও বলেন, একটি দল নিজেদের মুসলমানের দল বলে দাবি করে। কিন্তু লতিফ সিদ্দিকীর এমন বক্তব্যের পর দলটি প্রতিক্রিয়া দিতে পারেনি। আমরা প্রতিক্রিয়া দিয়েছি। রাজপথে নেমেছি। জাতীয় পার্টি প্রকৃত মুসলমানের দল।

এসময় এরশাদ তার মেয়াদে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার কথা মনে করিয়ে দেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রাণিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান প্রমুখ।

জেআই