সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমান এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আগামীকাল শনিবার বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয় উক্ত দোয়া মাহফিলে বিএনপি’র কেন্দ্রীয় নেতবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি‘র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক বানীতে তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বানীতে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মাতৃভূমির স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় থেকেছেন সামনের কাতারে।
স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষনীয় ব্যক্তিত্বের কারনে তিনি ছিলেন সবার নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। শহীদ জিয়ার সহকর্মী হিসেবে দেশের দূর্যোগকালীন সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে জনাব এম সাইফুর রহমান দেশকে কেবলমাত্র অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রিপন বলেন, জনাব এম সাইফুর রহমান একজন কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারি অবদান রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে তাঁর দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করে এবং তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত।
বিএনপির এই মূখপাত্র বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এমএইচ





