ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ) এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার

আজ দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি গণফোরামে যোগ দিবেন বলে জানায় গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

একে খন্দকার বিমানবাহিনীর প্রধান ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একে খন্দকারকে মন্ত্রী করা হয়। তাকে দেয়া হয় সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয়।

একটি বই প্রকাশ নিয়ে একে খন্দকারের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়ে। বইটির নাম ১৯৭১: ভেতরে বাইরে। বইটি প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ ও ১৪ দল নেতাদের তোপের মুখে পড়েন এ মুক্তিযোদ্ধা। এর পর থেকেই তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

একে খন্দকারের পাশাপাশি আজ গণফোরামে যোগ দিচ্ছেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম।গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারা গণফোরামে যোগ দেয়ার বিষয়ে আগে থেকে কিছু বলতে রাজি হচ্ছেন না। তবে গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনীতিবিদ যোগ দেবেন। তাদের বেশিরভাগই আগামী নির্বাচনে অংশ নিতে পারেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। তিনি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে হবিগঞ্জ-২ আসনে নির্বাচন করতে চাইছেন।

জেড