গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত যে টুকু করেছে তার ঋণ আমরা আগেই শোধ করে দিয়েছি। আর এখন আমরা যেটা টানছি সেটা সুদ।
তিনি বলেন, ভারত সমৃদ্ধশালী দেশ হওয়ার পরও আমাদের ওপর থেকে সুদ আদায় করে নিচ্ছে, যেমনিভাবে পূর্ব পাকিস্তানের ওপর থেকে পশ্চিম পাকিস্তান জোরজুলুম করে সুবিধা গ্রহণ করেছিল ।
আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশকে মরুভূমি বানানোর ভারতীয় পানি আগ্রাসী নীতি রুখে দাঁড়ান’ শীর্ষক এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
ডা. জাফরুল্লাহ বলেন, একটি দেশের সঙ্গে ট্রানজিট হতে পারে। কিন্তু সেটার জন্য সে দেশের রাস্তা ঘাটের যে ক্ষতি হবে তার ক্ষতি পূরণের বিনিময়ে। কিন্তু বর্তমান সরকার ভারতকে যে ট্রানজিট দিয়েছে তা নামমাত্র ক্ষতিপূরণ বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, বতর্মান সরকার অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার, আর এই অনির্বাচিত সরকারকে ভারতই টিকায়ে রেখেছে তাদের নিজেদের স্বার্থে।
তিনি ফারাক্কা চুক্তিসহ অন্যান্য চুক্তি বাস্তবায়নের সময় জনগণের স্বর্থের কথা বিবেচনায় নেয়ার জন্য সরকার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুল রশিদ ও জাহিদুল হক মিলু প্রমুখ।
এসএম





