দেশের সকল মসুলমানদের কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার আহবান জানিয়েছেন ঢাকা মহনগরের জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম।

আজ ১৯ ডিসেম্বর রাজধানীর একটি মিলনায়তনে মাসব্যাপী রাসুল (সা.) এর সীরাত আলোচনোর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন,মানব জাতিকে হেদায়েতের জন্যই আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়াতে নবী-রাসুলদের প্রেরণ করেছেন। আর হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী-খাতামুন্নাবিয়ীন।মানুষের হেদায়েতের সঠিক পথ হলো আল্লাহ প্রদত্ত কিতাব-আল কুরআন ও রাসুল (সা.) এর সুন্নাহর যথাযথ অনুসরণ। তাই এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল সমাজে শান্তি ফিরিয়ে আনতে জীবনের সকল ক্ষেত্রেই রাসুল(সা.)কে অনুসরণের কোন বিকল্প নেই।

নায়েবে আমির বলেন, ইসলামের যথাযথ শিক্ষা ও বাস্তবজীবনে অনুসরণের অভাবেই সমাজে অন্যায়, অবিচার, অনাচার মাথাচারা দিয়ে ওঠেছে। অবক্ষয় এখন সমাজে সর্বগ্রাসী রূপ লাভ করেছে। মানুষের জানমালের কোন নিশ্চয়তা নেই। এদিকে সমাজে অবক্ষয়ের জয়জয়কার চলছে, অন্যদিকে মানবাধিকারের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মূলত ইসলামী আদর্শই পারে মানবাধিকারের নিশ্চয়তা দিতে। তিনি অসহায় ও দরিদ্র মানুষের ভালবাসার কথা উল্লেখ করে বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করেন না, আল্লাহও তার প্রতি অনুগ্রহ করেন না। মূলত আল্লাহ নির্দেশিত ও রাসুল (সা.) প্রদর্শিত আদর্শের মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি।

তিনি আরও বলেন, উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কাজ অব্যাহত রাখতে হবে। তিনি রোহিঙ্গাসহ বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মুসলামানদের কথা উল্লেখ করে বলেন, বিপদে ধৈর্য্য হারালে চলবে না। মূলত সংকট যত কঠিনই হোক না কেন ঈমানের দাবিতে আমাদেরকে অবশ্যই অবিচল থাকতে হবে। রাসুল (সা.) এর সীরাত অনুসরণ করে ইসলামের শ্রেষ্ঠত্বের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে দায়ি ইলাল্লাহ ও মুবাল্লিগে দ্বীন হিসাবে ভূমিকা রাখতে হবে।

নবী-রাসুল (সা.) ও সাহবায়ে কেরামগণ দ্বীনের কাজে কঠিন পরীক্ষার মুখোমুখী হয়েছেন। বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা মাত্র। তাই সকল প্রকার জুলুম-নির্যাতন মোকাবেলা করেই দ্বীনের প্রতি অবিচল থেকে দ্বীনকে বিজয়ী করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।

ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু সাব্বির, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররাম হোসাইন খান ও মজলিশে শুরা সদস্য কামাল হোসাইন প্রমূখ।

আবু সাব্বির বলেন, আমাদেরকে রাসুল (সা.) আদর্শ উম্মত হিসাবে জীবন গড়তে হবে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের চরিত্রহরণ বা ফাঁসী দিয়ে ইসলামের অগ্রযাত্রা কোন ভাবেই রোধ করা যাবে না।

অধ্যাপক মোকাররাম হোসাইন খান বলেন, সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দ্বীনে হকের কাজ সামানের দিকে এগিয়ে নিতে হবে। আর আমাদের বিজয় অবধারিত।

কামাল হোসাইন বলেন, রাসুল (সা.) এর সীরাত অনুসরণের মধ্যেই রয়েছে বিশ্বমানবতার মুক্তি।

এআই