বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেছেন, ‘জনগণ থেকে আঘাত আসলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। সরকারের প্রতি জনগণের ঘৃণা তৈরি হয়েছে। এ ঘৃণাকে ক্ষোভে পরিণত করে সরকারেকে বিদায় করতে প্রস্তুতি নিন।’

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে বিএনপির সহ-সভাপতি মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সরকারের পতন অনিবার্য উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘বিদেশীদের সার্টিফিকেট দিয়ে এ সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণকে নিয়ে আন্দোলন করে এ সরকারের পতন ঘটানো হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার বিশ্ব জয় করেছে বলে হুঙ্কার দেয়। তাদের জয় করতে হবে না। আপনার (শেখ হাসিনা) ছেলের নামই তো জয়। টিএন্ডটি সেক্টরসহ বিভিন্ন সেক্টর জয় করেছেন। লোকে এমনটা বলে। আর আপনিও (শেখ হাসিনা) দেশ ভারতকে দিয়ে দিয়েছেন।’

হান্নান শাহ বলেন, ‘দেশে গণতন্ত্র নাই। যারা গণতন্ত্রের চর্চা করে তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হচ্ছে।’
আফসার আহমেদের স্মৃতিচরণ করে হান্নান শাহ বলেন, এই আফসার আহমেদ স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলেনে রোডম্যাপ তৈরি করেছিলেন।

সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ।

এমএইচ