সরকার বিরোধী জোটের দাবি মেনে সব দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিলেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী চলা অবরোধ প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ।
শুক্রবার বিকালে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, সরকার দাবি মেনে নিয়ে আলোচনার প্রস্তাব দিলে ২০ দলীয় জোটের লিয়াঁজো কমিটির বৈঠকে চলমান অবরোধ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, দেশের জনগণ আজ মৌলিক অধিকার থেকে বঞ্ঝিত। তারা মত প্রকাশ করতে পারছেনা। অবৈধ সরকার তাদেরকে সভা সমাবেশও করতে দিচ্ছে না। এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপি ২০ দলীয় জোটকে নিয়ে জগণনের অধিকার রক্ষার আন্দোলন করছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি চেয়ারপারসন কি এখনও অবরূদ্ধ? না হলে তার সঙ্গে দেখা করতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে বাধা দেয়া হচ্ছে কেন? কেন তার নিরাপত্তার নামে গেটের সামনে স্পেশাল ব্রাঞ্চের লোকজন অবস্থান করছে।
হাফিজ আরও বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকারের এজেন্টরা দেশব্যাপী নাশকতা করছে। এমনকি সরকারের লোকজন ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে শূটিং করে আগুণে পোড়া মানুষদের সঙ্গে প্রতারণা করছে।
এমএইচ





