বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার তার পক্ষ থেকে খালেদা, এরশাদও রওশনের দফতরে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়।
বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা কার্ড নিয়ে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির একদল প্রতিনিধি। এ শুভেচ্ছা কার্ড খালেদার পক্ষে গ্রহণ করেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এর আগে, দুপুরে এরশাদ ও রওশনের সংসদ সচিবালয় কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এসএম খুরশিদ-উল-আলম।
দফতরে রওশন এরশাদের সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম তার পক্ষে শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন। আর হুসেইন মুহম্মদ এরশাদের দফতরে শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন তার সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি জানিয়েছেন।
জেআই





