তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “৫ জানুয়ারির নির্বাচন ছিল সংবিধান সম্মত ও আইন সম্মত। নির্বাচনে কেউ না এলে নির্বাচন ত্রুটিপূর্ণ হয় এই কথাটা আমরা মানি না। বাংলাদেশে নির্বাচন নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন দুই দিন আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে নাশকতা, অন্তর্ঘাতের তাণ্ডব চলেছিল সেই সময় এসব কূটনীতিক ও বুদ্ধিজীবীরা কোথায় ছিল।

শনিবার সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনার আগে বেগম খালেদা জিয়াকে জামায়াত, হেফাজত, অন্তর্ঘাত ও নাশকতা ত্যাগ করার পরামর্শ দিন। এটাই হবে মঙ্গলজনক। আর যদি বেগম খালেদা জিয়াকে নাশকতা, অন্তর্ঘাত এবং জঙ্গিবাদীদের ত্যাগ করার পরামর্শ না দিতে পারেন তবে বাংলাদেশের গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়া আমরাই রক্ষা করতে পারবো। এব্যাপারে তাদের সহযোগিতা দরকার নেই।

তিনি বলেন, “বাংলাদেশে সেইসব তাণ্ডব সৃষ্টিকারী জামায়াতি গুন্ডা, হেফাজতি গুন্ডা এবং তাদের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বন্ধু নন।”

এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। এরপর তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস