আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিজের কুকীর্তি ঢাকার জন্য মিথ্যাচার করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহান বিজয়ের মাস আসলেই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যাচার বেড়ে যায়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগর শাখা আয়োজিত 'দেশ ও জাতির উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরও এ দেশে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করছে। আর এদের নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে বিএনপি নেত্রী দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে তার ছেলে তারেক রহমানের মত মিথ্যাচার করছে।
তিনি বলেন, সবচেয়ে দু:খের বিষয় হলো স্বাধীনতার এত বছর পরও সাঈদী, নিজামীসহ জামায়াতের অন্যান্য নেতারা যারা পাকিস্তান রক্ষায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের পক্ষে আজও কথা বলছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এখন তাদের সেনাপতি (খালেদা জিয়া) আন্দোলনের সামনে থাকার ঘোষণা দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই। অতীতেও বিএনপির আন্দোলন সফল হয়নি আর ভবিষ্যতেও হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ। তবে আন্দোলনে সফল না হলে ষড়যন্ত্রে বার বার সফল হয়েছে বিএনপি। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
সংগঠনের উপদেষ্টো শেখ মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচান সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
এমআর/ এআর





