যানবাহনে বোমহামলার সময় বোমাবাজদের দেখা মাত্র গুলি করার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
তিনি চলমান সহিংস আন্দোলন দমন করতে সরকারের প্রতি কিছু পরামর্শও তুলে ধরেন।
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে হরতাল-অবরোধের প্রতিবাদে পেশাজীবীদের সমাবেশে তিনি এ পরামর্শ দেন।
চলমান আন্দোলনে অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের আর্থিক সাহায্য করার জন্য একটি ফান্ড গঠন করতেও সরকারের প্রতি পরামর্শ দেন রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা । এই ফান্ডের জন্য তিনি পাঁচ লাখ টাকা দিতে প্রস্তুত বলে জানান তিনি।
সমাবেশে এ্যাটর্নি জেনারেল চারটি প্রস্তাব তুলে ধরেন।
এক- চলমান অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রত্যেক সংসদ সদস্য দুই লাখ করে টাকা দিবে।
দুই- চলমান সহিংসতা ও নাশকতার চিত্র তুলে ধরে একটি ডকুমেন্টারি তৈরি করা।
তিন- অগ্নিদদ্ধ ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা করা।
চার- ঢাকার বাহির থেকে সবজি ও কাঁচামাল যানবাহনে করে পুলিশ, বিজিবির নিরাপত্তায় নিয়ে আসতে হবে। এ সময় যদি কেউ নাশকতা সৃষ্টি করে, তাহলে সরাসরি সেখানে গুলি করতে হবে। তা না হলে মানুষের অধিকার রক্ষা করা যাবে না।
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি সাবেক বিচারপতি এ এফ এম মেজবা উদ্দিনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ স ম আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ





