বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই। রাজধানীর সবুজবাগের নিজ বাসায় বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আহমেদ কামাল বাধ্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।’
চিরকুমার আহমেদ কামাল ২০১৫ সালের শেষ দিকে হঠাৎ করেই আলোচনায় আসেন। সে সময় তিনি মরহুম বাবা মনছুর রহমান, মা জাহানারা খাতুন, বড় ভাই জিয়াউর রহমান ও ভাতিজা আরাফাত রহমান কোকোসহ পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছিলেন।
সেখানে লিখিত বক্তব্যে তিনি খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কড়া সমালোচনা করেছিলেন এবং নতুন দল গঠনের ঘোষণা দিয়েছিলেন।





