আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য ও ১৪ দলের মূখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিথ্যাচার ও সন্ত্রাস করে ২১ শে আগস্ট গ্রেনেট হামলা মামলার বিচার থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রক্ষা করা যাবে না।
সোমবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। গতকাল প্রধানমন্ত্রী ও তার দলের নেতাকর্মীদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন। তার প্রতিক্রিয়া জানাতে এ বৈঠকের আয়োজন করা হয়।
নাসিম বলেন, ২১ শে আগস্ট গ্রেনেট হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমান। তদন্ত ও স্বাক্ষীর মাধ্যমে তা বেরিয়ে এসেছে। আইন তার নিজস্ব গতিতে চলে। এর ফাঁক দিয়ে অতীতে কেউ বেরিয়ে যেতে পারেনি। আর ভবিষ্যতেও কেউ পারবে না। তাই বিএনপি যতই মিথ্যাচার ও সন্ত্রাস করুক না কেন। তারেক রহমানকে রক্ষা করতে পারবে না। সরকার ও বাংলার মানুষ তার বিচার করবে।
‘আওয়ামী লীগের হাত রক্তে রঞ্জিত’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, গত কয়েক দশকের রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যাবে সন্ত্রাস, লুটপাট ও মানুষ হত্যার রাজনীতি করেছে বিএনপি। বিএনপির আমলেই বাংলাদেশে জেএমবি, হরকাতুল জেহাদ জঙ্গিবাদ ও হাওয়া ভবনের উথান হয়েছিল। এখন তাদের বক্তব্য শুনলে মনে হয় চোরের মায়ের বড় গলা।
তিনি বলেন, সন্ত্রাস ও মানুষ হত্যা বিএনপির পুরনো চরিত্র। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে তাদের হত্যাকাণ্ড শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর সামনে কোন পথ খোলা নেই। আন্দোলনের নামে নানুষ হত্যার কারণে তার নিজ দলের নেতাকর্মীরাও এখন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দি, ওয়ার্কাস পার্টির পলিটব্যুর সদস্য আনিসুর রহমান মল্লিকসহ ১৪ দলের নেতৃবৃন্দ।
ঢাকা, এমআর, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





