পুলিশকে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্যে দিয়েছেন তাতে ফেরেশতারাও উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বছরের শুরুতে আন্দোলনকালে ‘বাসে আগুন দিয়েছে, পেট্রলবোমা মেরেছে পুলিশ’ শীর্ষক যে বক্তব্য খালেদা জিয়া দিয়েছেন, তা মিথ্যাচার। রোজার মাসে ইফতার সামনে রেখে তিনি যেভাবে মিথ্যাচার করছেন, তাতে ফেরেশতারাও উদ্বিগ্ন না হয়ে পারেন না।

তথ্যমন্ত্রীর বলেন, এ বছরের শুরু থেকে আগুন সন্ত্রাসের ঘটনায় পুলিশ ৩৮৮টি ঘটনা তালিকাভুক্ত করেছে। এসব ঘটনায় ঘটনাস্থলে ধরা পড়া ৫৭৯ জনের মধ্যে ৩৬৫ জন বিএনপির নেতাকর্মী। জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা ২০৫ জনের।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সম্পর্কে তার কোন ধারণা নেই। এটা পত্রপত্রিকার রসালো আলাপ। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়া যদি আদালতের বারান্দা থেকে  বের হতে পারেন, তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন, নইলে পারবেন না।

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমিটির ৮৪ হাজার নেতাকর্মীর বেশির ভাগই হেসে-খেলে দিন কাটাচ্ছেন। তারা আরামে আছেন। শান্তিতে আছেন। ব্যবসা-বাণিজ্য করছেন। কিন্তু গুটিকয়েক যেসব নেতা সন্ত্রাস ও আগুন যুদ্ধ করেছেন, তারা অশান্তিতে আছেন।

ইআর