সরকারকে হুশিয়ারী দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বি. জে. (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর আপনারা যে তান্ডব চালিয়েছেন তা সন্ত্রাসী ও জঙ্গির কর্মকান্ড।

তিনি বলেন, আমাদের কাছে সেই ফুটেজ আছে। সময়মত প্রকাশ করা হবে। ক্ষমতা ছাড়লেই জনগণ আপনাদের বিচার করবে।

এখনই বিভিন্ন জায়গায় আপনাদের নেতাকর্মীদের ধরে উত্তম মাধ্যম দিচ্ছে। নাগরিকদের নির্যাতন করার দায়ে আপনাদের বিচার করা হবে প্রস্তুত হোন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, ভারত সব সময়ে বলে আসছে বাংলাদেশে জঙ্গি আছে। এখন দেখা গেছে বাংলাদেশ নয় ভারতেই জঙ্গি লালন পালন হচ্ছে। সে জঙ্গিরাই বাংলাদেশের সন্ত্রাসী কর্মকান্ডের ষড়যন্ত্র করছে। এই জঙ্গিদের খরচ কে দিচ্ছে? তা সবাই জানে।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানী করছে। সরকারের উদ্দেশ্য হলো তাদেরকে রাজনীতি থেকে বিছিন্ন করা। কিন্তু মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্য হাসিল করা যাবে না।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে কাজ হবে না। আওয়ামী লীগের সভানেত্রীসহ তাদের নেতাদের নামের ৭৫০০ মামলা প্রত্যাহার করা হলেও বিএনপি নেতাদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে ভয় ভীতি দেখানোর জন্য।

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সংগঠনের সারারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

এমএইচ/ ইআর