সেনাবাহিনীকে উস্কানি দিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করা যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি-বিএনপির হিংসাত্মক কার্যকলাপ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, একটি শ্রেণী যেকোনো মূল্যে ক্ষমতা দখল করা জন্য উঠে পড়ে লেগেছেন। তারা জানে না, বর্তমান সংবিধান অনুযায়ী কারো অবৈধ ক্ষমতা দখল করার সুযোগ নেই। তারা (নাগরিক সমাজ) উস্কানি দিয়ে সেনাবাহিনী দিয়ে ক্ষমতা দখল করতে চায়। কোনো অবস্থাতেই সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে পারবেন না। তাদের ঐক্য বিনষ্ট করতে পারবেন না। সেনাবাহিনী গণতন্ত্র ও দেশ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।
কামরুল বলেন, নাগরিক সমাজ বিএনপির সন্ত্রাসের বিচার ব্যাহত করতে কাজ করছে।
একই সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ২০ দলীয় জোটের প্রধান সমস্যা খালেদা জিয়া। তাকে ছাড়লেই বিএনিপ মানুষের কাছে যেতে পারবে। বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে ঢাকায় ১০ জন লোকও জড়ো করতে পারেন নি খালেদা জিয়া। এ ব্যর্থতায় দায়ে তাকে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, পেশাজীবী কামরুল হাসান, গোলাম কুদ্দুছ প্রমুখ।
এমআর/ইআর





