একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত, বিস্মিত। কারণ আমাদের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে কোনো অভ্যর্থনা পর্যন্ত দেওয়া হয়নি বলে মন্তব্য করেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাকে রীতিমতো অপমান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেছেন, কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে প্রধানমন্ত্রী কলকাতা সফর করে আসলেন। বলা হচ্ছে, তিনি নাকি সরকারি আমন্ত্রণে কলকাতা গিয়েছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তো দূরের কথা, কোনো সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। তাকে রীতিমতো অপমান করা হয়েছে।

জনগণের অধিকার হরণ করে, আগের রাতে ভোট ডাকাতি করে কিংবা বিনা ভোটের নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েও দাম্ভিকতার সহিত যিনি জনসন্মুখে যিনি বক্তব্য রাখতে পারেন, তিনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েও পার্শ্ববর্তী দেশের কোনো প্রটোকল না পেলেও লজ্জিত না হয়ে যে উল্লসিত হবেন, এটাই স্বাভাবিক।

তিনি বলেন, পেঁয়াজ ও চালের দাম বেড়েই চলেছে। দেশে-বিদেশে পেঁয়াজ নিয়ে নিশিরাতের প্রধানমন্ত্রী রঙ্গরস করলেও নিত্যপণ্যের বাজারের কোনো উন্নতি হয়নি। বর্তমান বাজার পরিস্থিতি এখন স্বল্প আয়ের মানুষের জন্য আতঙ্কের।

রিজভী বলেন, দেশ থেকে নয় লাখ কোটি টাকা পাচার হয়ে গেল। অথচ বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীকে ধীরে ধীরে হত্যার চক্রান্ত চলছে। এই চক্রান্তের দায় কেউ এড়াতে পারবে না।

এএস