শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্রসীমা বিজয়ের মাধ্যমে খালেদা জিয়ার আরেকটি  ভারত বিরোধী রাজনৈতিক উইকেট পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ফারাক্কা নিয়ে অনেক রাজনীতি করেছেন। এখন আবার তালপট্টি নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্রসীমা জয়ের মাধ্যমে আপনার (খালেদা জিয়া) রাজনৈতিক আরেকটি উইকেটের পতন হয়েছে।

সুরঞ্জিত বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা জয়ে বিএনপির কি ক্ষতি হয়েছে আমরা তা বুঝি। এ জয়ের কারণে ভারত বিদ্বেষী রাজনৈতিক একটি ইস্যু হারিয়ে ফেলেছে বিএনপি। এটিই তাদের ক্ষতি হয়েছে। তাই খালেদা জিয়া তাল-বেতাল হয়ে গেছে।

তিনি বলেন, খালেদা জিয়া এখন রাজনৈতিক হালে পানি পাচ্ছে না। তাই তিনি (খালেদা জিয়া) রাজনীতির আস্তাকুড়ে পড়ে গেছেন। শেখ হাসিনার রাজনীতি উজ্জল রাজনীতি। আর খালেদা জিয়ার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। দেশের মানুষ এখন এটা বুঝে গেছে। তাই মিথ্যচার করে কোন লাভ নেই।

ঢাকা, এমআর, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ