মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে নাইন এমএম পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ শাহজালাল মিজি (২৭) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা শহরের মানিকপুর সড়ক থেকে বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাহজালাল শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার ঝিন্টু মিজির ছেলে।

এদিকে, শাহজালালকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের শহরের লিচুতলা নতুন বাসস্ট্যান্ডে ৭টি বাস ও অটোরিকশা ভাঙচুর করেছে যুবলীগ কর্মীরা।

এ ব্যাপারে দিঘীরপাড় ট্রান্সপোর্ট পরিবহনের মালিক আরিফ হালদার জানান, এ ঘটনার পর ওই বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী কোনো বাস চলাচল করছে না। তবে শহরের উপকণ্ঠে মুক্তারপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বাসসহ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল খায়ের ফকির শাহজালালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে সকাল সাড়ে ১০ টার দিকে শাহজালালকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারে গেছে পুলিশ।

শাহজালালের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কেএইচ