বিএনপিপন্থি জ্যেষ্ঠ আইনজীবীদের একটি দল বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের পরিবারের সঙ্গে কথা বলতে তার বাসায় যাচ্ছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে তারা গুলশানের ৭২ নম্বর সড়কের ৭ নম্বর প্লাটিনাম রেসিডেন্সে সালাহ উদ্দিনের ফ্ল্যাটে যাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিংয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত ১০ মার্চ সালাহ উদ্দিনের অন্তর্ধানের পর থেকে তার পরিবার ও বিএনপি অভিযোগ করে আসছে, গোয়েন্দা পুলিশই তাকে তুলে নিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সেই অভিযোগ নাকচ করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীই সালাহ উদ্দিনকে নিয়ে গেছে দাবি করে তাকে ফেরত দেওয়া না হলে সরকারের ‘কঠিন পরিণতি’ হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সালাহ উদ্দিনের সন্ধান পেতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা। সালাহউদ্দিনের খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তার স্ত্রী হাসিনা। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাইকোর্টে শুনানি হওয়ার কথা।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন। তাদের দুই ছেলে দুই মেয়ের মধ্যে বড় ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ কানাডায় ও বড় মেয়ে পারমিজ আহমেদ ইকরা মালয়েশিয়ায়, ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ ও ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইসা ঢাকায় স্কলাস্টিকায় পড়ালেখা করছে।

এএইচ