সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়ার পিছনে বিএনপি-ই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন,‘দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়ার সুযোগ পাচ্ছে। এর জন্য বিএনপি দায়ী। তারা সাম্প্রদায়িক শক্তি ও যুদ্ধাপরাধীদের লালন-পালন করছে।’
হাছান মাহমুদ বলেন,‘বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে, আবার রাজনীতি থেকেও লাইনচ্যুত হয়েছে। এখন তাদের সঠিক লাইনে ফেরার পালা। আশা করবো বিএনপি নেত্রী আজ সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে জামায়াত ত্যাগের ঘোষণা দিয়ে রাজনীতি সঠিক ধারায় ফিরে আসবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া মোস্তফাসহ অনেকে।