খালেদা জিয়া না চাইলেও বিএনপি নেতারা সিটি করর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে আন্দোলনের নামে জালাও পোড়াওয়ের প্রতিবাদে আওয়ামী হকার্স লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক সিনিয়র নেতা রয়েছেন যারা খালেদা জিয়ার আগুনে পুড়িয়ে মানুষ মারাকে সমর্থন করে না। তারা নির্বাচন অংশ নিতে চায়। খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নাও নেয় তবে বিএনপির সিনিয়র নেতারা অংশ নেবে।

তিনি বলেন, এই সরকারের অধীনে আগেও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে বিএনপিসহ অন্যান্য দল অংশগ্রহণ করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। যে কোনো দল নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রয়েছে।

খালেদা জিয়াকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেত্রী উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে কারাদণ্ড দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা সন্ত্রাসবাদ সমর্থন করে না।

এমএ/কেএইচ