দেশে সাংঘাতিক প্রতিহিংসার রাজনীতি চলছে বলে  অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জামায়াত ও  ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন,  সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ৩০ জন, চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ৭ জন, নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে ৩ জন ও যশোহর থেকে ৮ জনসহ সারাদেশে অর্ধশতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা পুলিশের থেকে আসামী ছিনিয়ে নেয়, মানুষ হত্যা করে, গুম করে, টেন্ডারবাজী ও চাঁদাবাজী করে, ছাত্রাবাসে অগ্নিসংযোগ করে, অস্ত্র উচিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে দেয়, অথচ তাদের বিরুদ্ধে সরকারের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কোন পদক্ষেপ নেয় না। বরং সহযোগীতা করে উৎসাহ দেয়।
আর শুধুমাত্র বিরোধী দল করার কারণে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের  গ্রেফতার করে তাদের উপর অমানবিকভাবে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সরকারের এহেন জুলুম-নির্যাতনের  প্রতিবাদ ও  আটক নেতাকর্মীদের  মুক্তি দাবী করেন ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]