আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোন ধরনের সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংলাপের কোন প্রশ্নই আসে না। সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। সংলাপ কেন হবে? কিসের জন্য সংলাপ হবে। সংবিধান অনুযায়ি সংলাপ করতে আমরা বাধ্য নই।’

সরকারের মেয়াদ পাঁচ বছর শেষ না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের আগে এদেশে কোন নির্বাচন হবে না। ২০১৯ সাল পর্যন্ত আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করুন। সরকারকে সহযোগিতা করুন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, সাংবিধানিক সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে তার জন্য আপনি নির্বাচন ঠেকিয়ে সামরিক শাসককে ক্ষমতায় আনবার চেষ্টা করেছিলেন। ভুল করেছেন আপনি,সেই ভুলের খেসারত জনগণকে দিতে হবে কেন? নির্বাচন যদি না হতো তাহলে আজ দেশে কোন সরকার ক্ষমতায় থাকতো? দেশে আজ থাইল্যান্ডের মত অবস্থা বিজার করতো।

সংগঠনের সভাপতি তারানা হালিম এমপির সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, জোটের সহ সভাপতি মোবারক আলী শিকদার ও অভিনেতা এটিএম শামসুজ্জমান, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই