নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের স্কুল ছাত্র মোরসালিন হত্যাকাণ্ডের পর যে ডাক্তার পোস্টমর্টেম করেছিলেন সেই ডাক্তারের কাছে একটি বিশেষ লোকের ফোন এসেছিল, যেন প্রতিবেদন ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই চিকিৎসক রাজি হয়নি। তাই আমি তাকে ধন্যবাদ জানাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদস সদস্য শামীম ওসমান।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের স্কুল ছাত্র মোরসালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠেছে বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের বিরুদ্ধে। কিন্তু আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তাকে দোষী বলতে পারি না।

বৈঠকে নারায়ণগঞ্জের ফুটপাত, অবৈধ অটোরিকশা স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, মহাসড়কে কাভার্ড ভ্যান রাখায় যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামীম ওসমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দীন, জেলা সিভিল সার্জেন ডা. দুলাল চন্দ্র চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, হিন্দ‍ু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, বিএমএ সভাপতি ড. শাহনেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ