জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মু. শফিকুল ইসলাম মাসুদসহ ২০ নেতাকর্মী গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ এবং গ্রেফতারকৃতদের রিমান্ড বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেছে জামায়াতে ইসলামী।
রোববার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল এ দাবি জানান।
বিবৃতিতে মহানগরী নেতৃদ্বয় বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর ভয়ে এখন জনগণের সাথে উম্মাদের মত আচরণ করছে। মূলত তাদের পায়ের তলায় মাটি নেই। তারা এখন অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জনগণের উপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। জনগণের জানামালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের বিরোধী দলের উপর লেলিয়ে দেয়া হয়েছে। ফলে দেশে অপরাধ প্রবণতা আশংকাজনকভাবে বেড়েছে।
তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠন ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। সরকার ভিন্নমত দমন ও অবাধ তথ্যপ্রবাহে বাধা সৃষ্টির জন্য কথিত সম্প্রচার নীতিমালা প্রণয়ন করে গণতন্ত্র ও বাকস্বাধীনতার শবযাত্রার আয়োজন করেছে। কিন্তু জনগণ সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না।
তারা আরও বলেন, সরকারের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এবং বিরোধী দল নির্মূলের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করে নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ড. মাসুদসহ গ্রেফতারকৃতদের প্রতি যেকোন ধরনের অন্যায় ও নির্মম আচরণ জনগণ কখনোই বিনা চ্যালেঞ্জে বরদাস্ত করবে না।
তাঁরা ড. মাসুদসহ ২০ নেতাকর্মীর গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং রিমান্ড বাতিল করে গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





