আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরানোর গুজব ছড়াচ্ছে বিএনপি।

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার রাতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘তুমি আছ বাংলার হূদয় জুড়ে’ শীর্ষক এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতিকে অসুস্থ দেখিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে -এ ধরনের কথা সম্পূর্ণ গুজব। আর বিএনপি এই গুজব ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারি। সর্বশেষ গুজব হল সরকার প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে। মন্ত্রী বলেন, এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রডিউসার বিএনপি, ডিরেক্টর বিএনপি, ডিস্ট্রিবিউটর বিএনপি; তিনটাই বিএনপি। ওবায়দুল কাদের বলেন, এসব বিএনপি ম্যানিফেকশ্চারেড গুজব। তারা দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে। এসব গুজবের সঙ্গে আমাদের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা ষড়যন্ত্র চক্রান্ত করি না, ষড়যন্ত্রের শিকার হই।

আওয়ামী লীগ সাংস্কৃতিক উপ-কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এছাড়া গান পরিবেশন করেন সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি কাজী রোজি, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন। আলোচনা সভায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন পান্না কায়সারসহ সাংস্কৃতিক ব্যক্তিরা।

এএইচ