সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শাহজাহান সিরাজ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শাহজাহান সিরাজ আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। গতকাল শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

শাহজাহান সিরাজ বিএনপির সময়কার বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

শাহজাহান সিরাজ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি মুক্তিযুদ্ধকালীন অন্যতম ছাত্রনেতা ছিলেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ লা মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।

এমবি