ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করছে বিএনপি।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ওই বৈঠকটি শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে চান তাবিথ আউয়াল ও ড. আসাদুজ্জামান রিপন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপি হয়ে লড়তে চান ইশরাক হোসেন।
তাবিথ আউয়াল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ২০১৫ সালে ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি ছিলেন বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী। তবে ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের কাছে পরাজিত হন।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমবি





