ঝিনাইদহের শিবির নেতা জসীম উদ্দিনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এ ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের বেছে বেছে আটক করছে এবং বিনা বিচারে গুলি করে হত্যা করছে।
গত ২৩ জানুয়ারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গাপুর দাখিল মাদরাসার শিক্ষক ও জামায়াতকর্মী আবু হুরাইরা মালিথাকে প্রকাশ্য দিবালোকে মাদরাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার এক মাস ছয় দিন পর ২৯ ফেব্রুয়ারি তার লাশ পাওয়া যায়।
গত ২ মার্চ ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির নূর মোহাম্মদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নিয়ে যায়। কিন্তু এখন আটকের কথা অস্বীকার করছে।তিনি এখন কোথায় কি অবস্থায় আছেন তা আমরা জানি না।
গত ৩ মার্চ ডিবি পুলিশ জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জয়পুরহাট শহর জামায়াতের আমির হাসিবুল আলম লিটনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
জামায়াতের এ নেতা বলেন, সরকার ঝিনাইদহ জেলাকে এক মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এ জেলার সর্বত্রই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তিনি জসিম উদ্দিন হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান। বিজ্ঞপ্তি।
এমবি





