জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারেনি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জাপার ওপর ভর করেই এসেছে। জাপা না থাকলে বর্তমান সরকার গঠিত হতো না, সংসদ গঠিত হতো না।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইফতার পার্টির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শ্রমিক পার্টি এই অনু্ষ্ঠানের আয়োজন করে।
এরশাদ বলেন, আওয়ামী লীগকে ভুলে গেলে চলবে না যে, ২০১৪ সালে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে সংসদ ও গণতন্ত্র কিছুই রক্ষা হতো না।
তিনি বলেন, ১৯৮২ সালে বিচারপতি আব্দুস সাত্তারের অনুরোধে ক্ষমতা গ্রহণ করি। নিজে কখনও ক্ষমতা দখল করতে চাইনি। ১৯৯১ সালে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলে আমি সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যেতাম।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ।
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে হত্যা, গুম ও সন্ত্রাসের সৃষ্টি করেছিল মিলিটারি ডিক্টেটররা। তারা তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতেই এসব করেছিল। প্রেসিডেন্ট জিয়াই ছিল মূলত এর হোতা। পরবর্তীতে বর্তমানে বিরোধী দলে থাকা এরশাদও একই ধারা অনুসরন করেছেন।
প্রধানমন্ত্রী এরশাদের শাসনামলেরও ব্যাপক সমালোচনা করেন। নুর হোসেনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের স্মরন করে বলেন, সেইসব লোকদের রক্তের বিনিময়েই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এরশাদের সাথে বিএনপি হাত মিলিয়েছিল। কিন্তু ১৯৯১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর সেই বিএনপিই এরশাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।
খালেদা জিয়ার প্রতি এরশাদের বিভিন্ন অনুদানের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, যেই ভাবী সাহেবার জন্য এরশাদ এতো কিছু করলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন- সেই ভাবী সাহেবাই তাকে গ্রেফতার করে জেলে পুরলেন।
এরশাদ ও খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের মধ্যে যে কি হয় তা বলা মুশকিল, এই রাগ, এই অভিমান-চলতেই থাকে।
সংসদে প্রধানমন্ত্রীর এসব বক্তব্যের একদিনের মাথায় এরশাদ এমন মন্তব্য করলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এরশাদের এমন মন্তব্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ // কেবি





